নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। একই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও শাসানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগে এই অভিযান চালানো হয়।

আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মন্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। আটক হওয়া অপর কর্মকর্তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিভিন্ন দপ্তর থেকে এই চার কর্মকর্তাকে মারধর করতে করতে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, জিজ্ঞাসাবাদের শিকার শিক্ষক হলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিম। উপস্থিত একটি সূত্র জানায়, ওই বিভাগের শিক্ষক রাহেল রাজির কক্ষের দেয়ালে সাঁটানো একটি পত্রিকার কাটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পান নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে তাঁরা বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে অবস্থান নেন এবং এ বিষয়ে তাঁকে জেরা করার পাশাপাশি শাসান।

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে অবস্থান করে নানা অপতৎপরতা চালাচ্ছেন—এমন অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল জবি শাখা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং বিগত সময়ে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের একটি তালিকা জমা দেওয়ার কর্মসূচি পালন করে সংগঠনটি। তালিকা জমাদানের একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও আটক করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই নিষিদ্ধ সংগঠনের দোসরদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমেদ জানান, ক্যাম্পাসে নাশকতা বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে এবং সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে প্রশাসনকে জানাতে হবে। এর আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনার উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেন যে, অপরাধীদের ছাড় দেওয়া হবে না, তবে সব পদক্ষেপই সুনির্দিষ্ট প্রমাণ ও প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হবে।