বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে এবং অপচয় রোধ করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতিতে সেন্সর বসানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ ভবনের সোনালী ব্যাংক শাখায় এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন সম্পর্কিত কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়।

বৈঠকে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় এসি সিস্টেমের কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ স্থাপনের উপযুক্ত অব্যবহৃত স্থান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ ছাড়া ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ ও ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের হিসাব যাচাইয়ের জন্য সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে। পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ইজারা চুক্তি পুনর্বিবেচনা করে বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে জানানোর সিদ্ধান্তও এসেছে। এদিকে, ডিপিডিসির তৈরি করা প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা পর্যাপ্ত না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ চালিয়ে প্রতিবেদন তৈরির তাগিদ দেওয়া হয়েছে, যা আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1