দেশের ব্যাংক খাত থেকে যে প্রক্রিয়ায় বিদেশে অর্থ সরানো হয়েছে, তা বিশ্বব্যাপী নজিরবিহীন। এমনকি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ও জটিল আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে, যাতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারে তিন থেকে পাঁচ বছর সময় লাগার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে অর্থের গন্তব্য, মালিকানা এবং তা যে অবৈধভাবে অর্জিত—তা সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করা জরুরি। হারানো অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সামনে রেখে দেওয়ানি পথে এগোচ্ছে টাস্কফোর্স। ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর শুরুতে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হলেও পরবর্তীতে ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি উদ্যোগ নেওয়া হয়।
সম্পদ উদ্ধারের প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ছয়টি ঘটনা বাছাই করা হয়েছিল, যার মধ্যে তিনটির কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এর অন্তত দুটি ঘটনায় ব্যাংকের ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথিপত্র বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার উপযোগী বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ পাচারের তথ্য ব্যাংকের কাছে আছে কি না এবং সংশ্লিষ্ট মালিক বিদেশে অবস্থান করছেন কি না—তা বিবেচনায় নেওয়া হয়েছে। গোপনীয়তা চুক্তির পর বিদেশি প্রতিষ্ঠানগুলো এসব নথি যাচাই করে মামলার অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিদেশে সম্পদ অনুসন্ধান, জব্দ ও আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এই খরচ মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না; বরং সম্পদ উদ্ধার হলে অর্থায়নকারীরা তার একটি অংশ পাবেন। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এমন একটি চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে এবং বর্তমানে আইনি নথি তৈরির কাজ চলছে।
সম্প্রতি সংসদে অর্থমন্ত্রীর জানানো ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের তথ্যের ব্যাখ্যায় ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ হয়েছে। বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দের আদেশ দেশের আদালত দিলেও সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর হয়নি। তবে বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে এবং জব্দাদেশ বহাল রাখতে ওই দেশগুলো আরও তথ্য চেয়েছে। উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের বিষয়টি উল্লেখ করা হয়, যা নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।
তথ্য পাঠাতে বিলম্ব হওয়ায় সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া শেষ করেছিল। তবে ৩০ দিন পর ওই অর্থ সংশ্লিষ্ট দেশ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যার সন্ধানে এখনো কাজ চলছে। টাস্কফোর্সের উপদেষ্টা আরও জানান, একেক দেশের আইনি চাহিদা ভিন্ন হওয়ায় সে অনুযায়ী অনুরোধপত্র তৈরি করা হয় এবং কূটনৈতিক চ্যানেলে সময় কমানোর চেষ্টা চলছে। এছাড়া তদন্তের অগ্রগতি নিয়মিত প্রকাশ করলে পাচারকারীরা সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারে—এমন আশঙ্কায় কৌশলগত কারণেই অনেক তথ্য গোপন রাখা হচ্ছে।



