দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন বা হাইকমিশনে প্রবেশ করলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে থাকা বাংলাদেশের ৮৪টি মিশনের প্রতিটিই দেশের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচিত। ফলে শেখ হাসিনাসহ পলাতক যেকোনো আসামি সেখানে গেলে বা দেশে ফিরলে কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

বিজ্ঞাপন · inarticle_1

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের বিষয়ে শামা ওবায়েদ উল্লেখ করেন, ১৯৭২ সালের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি দিতে সরকার বাধ্য নয়। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘মেট্রিক্স’ শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে সরকারকে ই-মেইল করলেও, দেশের প্রচলিত আইন অনুযায়ী অন্য পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের মতোই তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ সংক্রান্ত রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে শামা ওবায়েদ এটিকে নিছক ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর এমন ঘোষণা সাধারণ কর্মীদের আরও ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি, ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং ওসমান হাদীর হত্যাকারীদের বন্দী প্রত্যাবর্তন চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।