আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও বিভিন্ন প্রচারণার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মনের জ্বালা মেটাতে অর্থ খরচ করে অনেক লেখাই লেখানো যায়, কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই দুইয়ের পার্থক্য সবার বোঝা উচিত। তার মতে, মূল বাস্তবতা হলো—যথাযথ আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ঢুকতে দেওয়া হবে না।
এ বিষয়ে আরও কটাক্ষ করে হুমায়ুন কবির বলেন, কারও দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু তারা খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখেন। সেই দুঃস্বপ্নে হয়তো দেখেন যে তিনি হেঁটে হেঁটে কিংবা বিমানে চড়ে সহজেই বাংলাদেশে চলে আসছেন। তবে বাস্তবে শেখ হাসিনাকে আইনের আওতায় আনার প্রক্রিয়াটি মোটেও তেমন সহজ নয়, বরং কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই তাকে ফিরিয়ে আনা হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।



