ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে পদায়ন হওয়া কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবাসন ছাড়ার কঠোর নির্দেশনা দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসার দখল না ছাড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্বিগুণ হারে বাড়িভাড়া গুনতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান স্মরণ করিয়ে দিয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর থেকে এ বিষয়ে সতর্কতামূলক একটি চিঠি জারি করা হয়েছে। গত ১৯ নভেম্বর সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরপ্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

বিজ্ঞাপন · inarticle_1

পরিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী দাপ্তরিক প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাইরে বদলি হলেও তা আবাসন পরিদপ্তরকে যথাসময়ে অবহিত করেন না। এমনকি বিধি অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও অনেকে বাসার দখল ছাড়েন না, যা প্রচলিত বিধিমালার সম্পূর্ণ পরিপন্থি। পরবর্তীতে দ্বিগুণ ভাড়া আরোপ করা হলে অনেকেই নিয়মটি জানা ছিল না দাবি করে অতিরিক্ত অর্থ মওকুফের আবেদন করেন। তবে পরিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অননুমোদিতভাবে বাসায় অবস্থানের কারণে ধার্য করা এই বর্ধিত ভাড়া মওকুফ করার কোনো এখতিয়ার তাদের নেই।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বদলি হলে, অবসরে গেলে, বিদেশে প্রেষণে নিয়োগ পেলে, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হলে কিংবা চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা পদত্যাগ করলে পরবর্তী দুই মাসের মধ্যে অবশ্যই সরকারি বাসা ছেড়ে দিতে হবে। তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ মানবিক দিক বিবেচনায় একটি শর্তসাপেক্ষ সুযোগ রাখা হয়েছে। যদি কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে বাসাটি রাখা একান্ত জরুরি হয়, তবে সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।

বিধিমালার ১৯(২) উপবিধি অনুসারে, অনুমোদিত সময়সীমা অতিক্রম করার পরও কেউ বাসা দখলে রাখলে তার জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে ভাড়া নির্ধারণ করা হবে। অনাকাঙ্ক্ষিত আর্থিক ও দাপ্তরিক জটিলতা এড়াতে সব দপ্তরপ্রধানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিধিমালা সম্পর্কে যথাযথভাবে অবহিত করার অনুরোধ জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।