বদলির দাবিতে প্রেস ক্লাবে নারী শিক্ষকদের কান্নাপরিবারের কাছে ফেরার আকুতি জানিয়ে আমরণ অনশনে বেসরকারি এমপিওভুক্ত নারী শিক্ষকরা; দীর্ঘসূত্রতা ও মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি আবেদনকারী।
নিজ জেলা থেকে শত শত মাইল দূরে কর্মস্থল হওয়ায় চরম পারিবারিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বাধ্য হয়ে কেউ অবুঝ সন্তানকে ঘরের ভেতর তালাবদ্ধ রেখে ক্লাসে যান, আবার কারও দূরত্বের কারণে ভাঙতে বসেছে দীর্ঘদিনের সংসার। অসুস্থ স্বামী বা সন্তানের পাশে থাকার সুযোগ না মেলা এবং স্বজনের মৃত্যুতেও শেষ দেখা না পাওয়ার মতো হৃদয়বিদারক পরিস্থিতির শিকার এসব শিক্ষক পরিবারের কাছে ফেরার আকুতি নিয়ে এবার রাজপথে নেমেছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে সরকার নীতিমালা প্রণয়ন করে এবং গত ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়। এতে সারা দেশের সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির ফল প্রকাশের সব দাপ্তরিক ও কারিগরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না মেলায় গত প্রায় তিন মাস ধরে ফল প্রকাশ আটকে আছে। ফলে আবেদনের পর দীর্ঘ অপেক্ষায় থেকেও বদলির আদেশ হাতে পাননি ভুক্তভোগী শিক্ষকরা।
অনশনস্থলে উপস্থিত ময়মনসিংহের বাসিন্দা ও সিলেটে কর্মরত শিক্ষিকা সেলিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি জানান, চার বছর বয়সী সন্তানকে নিয়ে সিলেটে যোগদানের পর আজ সন্তান চতুর্থ শ্রেণিতে পড়লেও কর্মস্থলে যাওয়ার সময় তাকে ঘরে তালা দিয়ে রেখে যেতে হয়, যা শিশুটির শৈশবকে এক উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। একইভাবে ১৬ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে চাকরি করা আরেক শিক্ষিকা জানান, অসুস্থ স্বামী ও দুই সন্তানের দেখাশোনা করার মতো কেউ নেই, এমনকি দুই মাসেও একবার সন্তানদের মুখ দেখার সুযোগ মেলে না। প্রতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে ধরনা দিয়ে আশ্বাস মিললেও আদেশ জারি না হওয়ায় চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা।
বদলি প্রত্যাশী নারী শিক্ষকদের স্পষ্ট দাবি, এই বদলি প্রক্রিয়ার সাথে সরকারের কোনো বাড়তি আর্থিক সংশ্লেষ জড়িত নেই; তারা কেবল নীতিমালা অনুযায়ী জমা দেওয়া আবেদনের ফলাফল ও নিজ জেলা বা বাড়ির কাছাকাছি বদলির আদেশ চান। শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে মানবিক দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, বদলির প্রজ্ঞাপন জারি হলেই তারা এক মুহূর্ত দেরি না করে নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যাবেন। তবে দ্রুত বদলি আদেশ জারি না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।



