মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশের অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই সভার আয়োজন করা হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে, যা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে।
যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি চালানো হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ভেন্যুতেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
অনুষ্ঠানস্থলগুলোতে যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



