দেশের ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের অনিয়ম ও পারিবারিক আধিপত্য কমাতে ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আইনের একটি নতুন খসড়া তৈরি করেছে, যা অর্থমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। প্রস্তাবিত এই আইনে ব্যাংকের পরিচালকদের টানা মেয়াদের সীমা অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের ব্যাংক পর্ষদে থাকার পথ স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী, এখন থেকে কোনো ব্যক্তি একটি ব্যাংকের পরিচালক হিসেবে টানা ৬ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, যা বর্তমানে ১২ বছর রয়েছে। ২০১৮ সালে সংশোধনীর মাধ্যমে এই মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে তা ১২ বছর করা হয়েছিল। প্রস্তাবিত নতুন নিয়মে টানা ৬ বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ৩ বছরের বিরতি বা ‘কুলিং-অফ’ পিরিয়ড পার করতে হবে। পাশাপাশি, প্রস্তাবিত ‘১৭ক’ ধারা অনুযায়ী কোনো পরিচালককে বছরে একবারের বেশি এবং টানা ৩ মাসের অতিরিক্ত সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না।

বিজ্ঞাপন · inarticle_1

ব্যাংক ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপ রোধে আইনে একটি নতুন ধারা যুক্ত করা হচ্ছে। এর আওতায় মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হবে। একই সঙ্গে ব্যাংকের মালিকানায় পরিবারতন্ত্র কমাতে একই পরিবার থেকে সর্বোচ্চ পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া একই পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে মনোনীত পরিচালকের সংখ্যাও দুজনের বদলে একজনে সীমাবদ্ধ করা হচ্ছে।

পরিচালনা পর্ষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ও যোগ্যতার মানদণ্ড আরও কঠোর করা হচ্ছে। পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ অপরিবর্তিত থাকলেও, ২০ সদস্যের পর্ষদে অন্তত চারজন এবং এর কম সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখা বাধ্যতামূলক করা হবে। স্বতন্ত্র পরিচালক হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিগত ৩ বছরে এবং বর্তমান বা ভবিষ্যতে ওই ব্যাংক কিংবা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ থাকতে পারবে না।

অন্যদিকে, সংকটে থাকা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত করতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণের সীমা শিথিল করার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান আইনের ১৪ক(১) ধারায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবারের জন্য সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার রাখার যে সীমা রয়েছে, ব্যাংকিং খাতের স্বার্থে বাংলাদেশ ব্যাংক তা বিশেষ শর্ত ও যোগ্যতার ভিত্তিতে শিথিল করতে পারবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে প্রকাশিত প্রাথমিক খসড়ায় পর্ষদের আকার ১৫ জনে নামিয়ে আনা এবং অর্ধেক স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব থাকলেও, সর্বশেষ এই খসড়ায় সেই বিধানগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।