বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না; বরং সে সময় তিনি হয়ে যাবেন ‘শেখ আসবে না’।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে হাতকড়া পরিয়ে আনার পথ যেমন খোলা আছে, তেমনি কড়া নজরদারিতে রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
শেখ হাসিনাকে অবস্থান দেওয়া নিয়ে ভারতও অস্বস্তি ও বিপাকে রয়েছে বলে দাবি করেন হুমায়ুন কবির। তাঁর মতে, তাঁকে নিয়ে কী করবে তা নিয়ে ভারত নিজেও সমস্যায় আছে এবং অপ্রয়োজনীয় নানা বিরক্তি ও চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বিষয়টি স্পষ্ট করতে একটি উদাহরণ টেনে তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে অতিথি হিসেবে আনার পর যদি দেখা যায় তিনি অসংলগ্ন আচরণ ও মন্তব্য করছেন, অথচ তাঁকে বিদায়ও করা যাচ্ছে না এবং আচরণও মানিয়ে নিতে হচ্ছে—তাহলে সেটি বড় ধরনের অস্বস্তি তৈরি করে।
প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে কী আলোচনা চলছে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।



