কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের অকারণে কষ্ট না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি কোনো প্রাণীর যত্ন নিতে বা উপকার করতে না-ও পারি, অন্তত তাদের ক্ষতি করা কিংবা কষ্ট দেওয়া থেকে যেন সবাই বিরত থাকি। অনেক সময় আশপাশে অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করতে দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নয়। মহান আল্লাহ মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন উল্লেখ করে তিনি প্রতিটি জীবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভব হলে তাদের যত্ন নিতে সবার প্রতি অনুরোধ জানান।
ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতা গঠনের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দিতে হবে। আমাদের চারপাশের প্রতিটি প্রাণীরই নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে—এই বোধ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির চমৎকার সহাবস্থানে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।



