দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তিনি এই সম্মাননা তুলে দেন।
এবারের আসরে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। পদকপ্রাপ্তদের মধ্যে মোট আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের প্রতিফলন, যা লাখো খামারি, উদ্যোক্তা এবং গবেষকদের জন্য নতুন অনুপ্রেরণা জোগাবে। প্রতিভাবান উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববাজারে দেশীয় প্রাণী ও প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়াতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে বজায় রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।



