রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) সকালে আয়োজিত এ মেলার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় মেলাটির আয়োজন করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। বক্তব্যে তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল এবং টেকসই করে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।



