প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া একটি থানার নাম পরিবর্তনসহ দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে জনগুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে। একইভাবে বগুড়ার শিবগঞ্জ থানা ভেঙে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা হবে নতুন ‘মোকামতলা থানা’। পাশাপাশি বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি নতুন পৌরসভা গঠনেরও অনুমোদন মিলেছে। অন্যদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সংগতি রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় দুটি নবগঠিত উপজেলার সদর দপ্তরের স্থানও পুনর্নির্ধারণ করা হয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর পূর্বপ্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপিত হবে। একইভাবে কুমিল্লার বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার বদলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে উত্থাপন করা হয়েছিল।



