গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খোঁজ নিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিদর্শনকালে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতালে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের চিকিৎসা কার্যক্রম নিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং প্রয়োজনীয় সেবার বিষয়ে খোঁজ নেন। এ সময় তার সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রাথমিক পর্যায়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে; পাশাপাশি সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ডান হাত ও বাম পায়ে ক্ষত তৈরি হয়। বর্তমানে আহত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



