আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বা ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি জানান, এ সময়ে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশের সমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন · inarticle_1

স্বৈরাচারী শাসনামলের সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা এবং লাগামহীন অর্থপাচারের কারণে দেশের সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। টানা দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে পুরো অর্থনীতিকে দুর্নীতির একটি দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।

দেশের ব্যাংকিং খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরে তিনি জানান, ২০২৬ সালের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা দেশের মোট বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক সংকট নিরূপণ করতে হলে ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের সংস্কার ও পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতের জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছ হিসাব ও জবাবদিহি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের শেষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্য স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলন উদ্বোধনের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার সেই ধারাকে আরও বেগবান ও শক্তিশালী করেছিলেন।