জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত সুযোগ নেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—কোনো দেশেই বর্তমানে পুনর্বিচার বা ‘ডিনেবো ট্রায়াল’-এর বিধান কার্যকর নেই।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

বিজ্ঞাপন · inarticle_1

আইনগত ব্যাখ্যা তুলে ধরে মো. আমিনুল ইসলাম বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে পুনরায় বিচার করার প্রক্রিয়াকে ‘ডিনেবো ট্রায়াল’ বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিচারের বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “ভারতীয় বিচারব্যবস্থায় ডিনেবো ট্রায়ালের বিধান বাতিল করা হয়েছে। আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে, পাকিস্তানেও নেই। যে দেশে নিজেরা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়? আমাদের এখানে পুনর্বিচারের কোনো পদ্ধতি নেই, তবে আপিলের বিধান রয়েছে।”

ভারতের ভূমিকার সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন এবং দেশটির সরকার শুরু থেকেই তাঁর বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। বিচার চলাকালীন বা আপিলের নির্ধারিত সময়ে ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে আইনি মোকাবিলা করার পরামর্শ দেয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, “তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ দিলেন না যে আপনি বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করুন কিংবা সময়মতো আপিল করুন। তা না করে বিচার ও আপিলের সময় পার করার পর এখন এসে পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

ভারতের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি আরও জানান, শেখ হাসিনার আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার বা চিফ প্রসিকিউটরের হাতে নেই; এটি সম্পূর্ণ আইনি বিষয়।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারই এই আইন প্রণয়ন করেছিল এবং ২০১০ সালে তাদের তৈরি বিধিমালা অনুসারেই ২০২৪ সালের আগ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইনে আপিলের যে বিধান রয়েছে, কেবল সেটিই কার্যকর হবে বলে তিনি জানান।