১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

এই কমিটি গঠনে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরিতে সরকারের সংশ্লিষ্ট পক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর এর প্রভাব খতিয়ে দেখতে কেন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এবং আদালতে তার পক্ষে শুনানিও তিনিই করেন। তিনি জানান, সুনির্দিষ্ট নীতিমালার অভাবে শিশুরা অবাধে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হচ্ছে, যার ফলে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা বাড়ছে এবং শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার চিত্র তুলে ধরা হয়, যেখানে দেখা গেছে ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে ব্যয় করে, যা আন্তর্জাতিকভাবে নির্ধারিত বিনোদনমূলক স্ক্রিন-টাইমের সীমা ছাড়িয়ে গেছে। গবেষণায় অংশ নেওয়া শিশুদের গড় স্ক্রিন ব্যবহারের সময় ছিল দৈনিক প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা, যার মধ্যে স্মার্টফোন, টিভি, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস অন্তর্ভুক্ত।

গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় এবং ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভুগছে। যারা প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়, তাদের ঘুমের সময়ও বেশ কম—গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা, অথচ সুস্থ শারীরিক ও মস্তিষ্কের বিকাশে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ ছাড়া অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত, যা দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকা শিশুদের মধ্যে আরও বেশি দেখা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘমেয়াদে পর্যাপ্ত ঘুমের ঘাটতি হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার সক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়ে। এর পাশাপাশি শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া এবং সার্বিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়।