ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের পর নবম দিনেও গাজীপুরের শিল্পাঞ্চলে ব্যাপক নিরাপত্তা বজায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন মাঠপর্যায়ে কঠোর পদক্ষেপ নিয়েছে।
১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার (৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো সড়কে আজ অবরোধ নেই। সকাল থেকেই শ্রমিকরা শান্ত পরিবেশে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন।
সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানিয়েছেন, জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা কঠোরহাতে দমন করা হবে।
গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক স্থানে পুলিশ ও শ্রমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।



