রাজধানীতে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির মতে, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা। মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশি তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল টহল ও পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রাখা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতেই এসব প্রতিরক্ষামূলক পদক্ষেপ হাতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন · inarticle_1

নাশকতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইতিমধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা রয়েছেন। একই সাথে ককটেল তৈরির উপাদান সরবরাহকারী ও পেট্রোল পাম্প থেকে দাহ্য পদার্থ বেচাকেনার উৎস খতিয়ে দেখছে ডিবি পুলিশ।

সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। ডিএমপির প্রাথমিক পর্যালোচনায় উঠে এসেছে, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নাশকতা চালাচ্ছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।