প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর এলিট স্পেশাল ফোর্সগুলো একসঙ্গে চালাচ্ছে বিশেষ এই সমর অনুশীলন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর উপকূলীয় দ্বীপ স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে পৌঁছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই মহড়ার চূড়ান্ত পর্ব প্রত্যক্ষ করবেন। সশস্ত্র বাহিনীর তিন শাখার এলিট স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে এমন যৌথ অনুশীলন দেশে এবারই প্রথম আয়োজিত হচ্ছে, যা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ ফোর্স সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। চূড়ান্ত অনুশীলনকালে তিন বাহিনীর কমান্ডো ও জওয়ানরা আধুনিক যুদ্ধকৌশল, সমন্বিত আক্রমণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের পেশাদারিত্ব ও রণদক্ষতা প্রদর্শন করবেন। মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ও নির্মিত বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখবেন এবং অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
নোয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই দ্বীপটি স্থানীয়দের কাছে দীর্ঘকাল ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত ছিল। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব ও নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এখানে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, বনায়ন এবং আধুনিক সামরিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে স্বর্ণদ্বীপ বর্তমানে সশস্ত্র বাহিনীর যেকোনো বড় পরিসরের রণকৌশলগত অনুশীলনের জন্য একটি আদর্শ ও নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর একক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে নিয়মিত যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়ে আসছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিটগুলোর সম্মিলিত অংশগ্রহণ এবং সরকারপ্রধানের সরাসরি উপস্থিতি এবারের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে। দিনব্যাপী কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে আজ মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।



