ঢাকা

আদালতে তোলা হয়েছে নুসরাত ফারিয়াকে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে রাজধানীর ভাটারা থানা থেকে তাকে আদালতে নেয়া হয়। মামলার তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেছে পুলিশ।

এর আগে, গত রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। এই তালিকায় রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা এবং চিত্রনায়ক জায়েদ খানও।

গত ২৮ এপ্রিল আদালতের নির্দেশে মামলাটি ভাটারা থানায় নথিভুক্ত হয়। মামলার বাদী এনামুল হক ঢাকার সিএমএম আদালতে দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সরকার সংশ্লিষ্ট ২৮৩ জন এবং আরও তিন-চারশো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতায় ভূমিকা এবং অর্থায়নে সহযোগিতার অভিযোগে চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরে উপস্থাপনায় নাম লেখান এবং নাটকে অভিনয় করেন। ২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ ছবি ‘জিন-৩’ মুক্তি পায় গেল ঈদে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স