ঢাকা

২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা বিঘ্নিত থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন সরিয়ে নেওয়া হলে আপলাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম জংশনে সরিয়ে নেওয়ার পর রেলপথটি সচল হয়। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্যক্রম চলায় রেলপথের ওই অংশে ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

এদিকে, দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

দীর্ঘ উদ্ধার কার্যক্রম শেষে রেলপথ সচল হওয়ায় যাত্রীদের স্বাভাবিক যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স