প্রথমবারের মতো চালু হওয়া ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ সম্মাননা পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন অঙ্গনের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি–ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে এই পুরস্কার প্রবর্তন করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সমাজ, রাষ্ট্র ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই স্বর্ণপদক দেওয়া হবে।
এবারের তালিকায় আরও রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বে থাকা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন থেকেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পোদ্যোক্তা আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।
আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতেই এই সম্মাননা চালু করা হয়েছে।