ঢাকা

টম হল্যান্ডের মন্তব্যে নতুন করে জোরালো হলো বিয়ের গুঞ্জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


হলিউডের জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেনডায়ার সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম, বাগদান এবং গোপনে বিয়ে—সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টম হল্যান্ডের একটি মন্তব্য সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

এক আন্তর্জাতিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তাঁদের কথিত বিয়ের ছবি নিয়ে প্রশ্ন করা হলে হল্যান্ড জানান, বিষয়টি নিয়ে তাঁকে শুধু তাঁর দাদির সঙ্গে কথা বলতে হয়েছিল। কারণ, পরিবারের অন্য সদস্যদের কিছু বোঝানোর প্রয়োজন পড়েনি—তাঁরা সবাই সেখানে উপস্থিত ছিলেন।

এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের ধারণা, হল্যান্ডের বক্তব্যে তাঁদের বিয়ের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে। যদিও তিনি এরপর আর কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি।

এর আগে ২০২৫ সালের শুরুতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেনডায়ার হাতে আংটি দেখা যাওয়ার পর তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে। পরে জেনডায়ার ঘনিষ্ঠ এক স্টাইলিস্টও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, যা ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দেয়।

কিছুদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়া তথাকথিত বিয়ের ছবিগুলোকে অবশ্য জেনডায়া ভুয়া বলে দাবি করেছিলেন। এমনকি একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিষয়টি নিয়ে রসিকতাও করেন। তবে হল্যান্ডের সাম্প্রতিক বক্তব্যের পর সেই পুরোনো আলোচনাই আবার সামনে এসেছে।

সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন টম। তিনি জানান, জীবনের চাপ ও ব্যস্ততার মধ্যে এমন একজন সঙ্গী পাওয়া তাঁর জন্য বড় আশীর্বাদ, যার ওপর তিনি পুরোপুরি ভরসা করতে পারেন। জেনডায়াকে তিনি নিজের সবচেয়ে কাছের বন্ধু বলেও উল্লেখ করেন।

‘স্পাইডার–ম্যান: হোমকামিং’ ছবির শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয়েছিল টম হল্যান্ড ও জেনডায়ার। কয়েক বছর নিজেদের শুধু বন্ধু বলে পরিচয় দিলেও পরে তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই তারা হলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে তাঁদের। শিগগিরই এই দুজনকে একসঙ্গে নতুন কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রে দেখা যাবে, যা নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স