গণিতচর্চা, গবেষণামুখী শিক্ষা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আয়োজন ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’। ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আগামী শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, বিশ্লেষণধর্মী ও যৌক্তিক চিন্তাশক্তির বিকাশ, গবেষণাভিত্তিক শিক্ষা উৎসাহিত করা এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এবারের কার্নিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, করপোরেট প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুল হক মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আরেফিন কাউছার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ), বিজ্ঞান অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, করপোরেট প্রতিনিধিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা।
কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ হিসেবে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করবেন দেশের প্রখ্যাত কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ এবং বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তাঁদের বক্তব্যে গণিত, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজনটির শিরোনাম পৃষ্ঠপোষক (টাইটেল স্পনসর) হিসেবে রয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে গাজীপুর জেলা প্রশাসন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। সহযোগী অংশীদার (অ্যাসোসিয়েট পার্টনার) হিসেবে যুক্ত রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলো।
এ ছাড়া কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন পার্টনার হিসেবে এবং সময় টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে এ জাতীয় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, শিক্ষা-সহযোগী প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরাও কার্নিভ্যালের সফল বাস্তবায়নে সহযোগিতা করছে।
দিনব্যাপী এই কার্নিভ্যালে স্কুল, ইন্টারমিডিয়েট ও বিশ্ববিদ্যালয়—এই তিনটি ক্যাটাগরিতে মোট ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, ম্যাথ গেম, গণিতবিষয়ক প্রবন্ধ রচনা এবং গণিতবিষয়ক পোস্টার উপস্থাপনা।
বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ। এছাড়া নিবন্ধিত প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন অফিশিয়াল ইভেন্ট টি-শার্ট, অংশগ্রহণ সনদ, ইভেন্ট কিট, সকালের নাশতা ও মধ্যাহ্নভোজ।
অনুষ্ঠানের সময়সূচি
সকাল ৮টা–৯টা: নিবন্ধন ও রিপোর্টিং (অডিটোরিয়াম মাঠ)
সকাল ৯টা–৯টা ৩০ মিনিট: উদ্বোধনী অনুষ্ঠান (অডিটোরিয়াম মাঠ)
সকাল ১০টা–বেলা ১১টা: গণিত অলিম্পিয়াড
বিশ্ববিদ্যালয় ও ইন্টারমিডিয়েট বিভাগ: টেক্সটাইল ওয়ার্কশপ ভবন
স্কুল বিভাগ: ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল
বেলা ১১টা–দুপুর ১টা: মূল প্রবন্ধ উপস্থাপন (অডিটোরিয়াম), পোস্টার উপস্থাপনা (অডিটোরিয়াম মাঠ) এবং স্কুল বিভাগের ম্যাথ গেম (ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল)
বেলা ২টা–বিকেল ৪টা ৩০ মিনিট: সমাপনী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী (অডিটোরিয়াম)
আয়োজকদের প্রত্যাশা, ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’ দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে যুক্তিনির্ভর চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও গবেষণামুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে গণিতচর্চাকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও এই আয়োজন কার্যকর অবদান রাখবে।