বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত সংক্রান্ত ডিবির গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।
নথিপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানার পর আদালত মামলার তদন্তের জন্য আরো ছয় মাস সময় দিয়েছেন। এ সময় হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, "আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেয়া এবারের ছয় মাস মানেই ছয় মাস।"
এর আগে গত ১৫ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম নতুন করে ২১ মে দিন নির্ধারণ করেন। এ নিয়ে ১১৭ বার সময় পেল তদন্ত সংস্থা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘসূত্রতার প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন।
হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও এখনও আলোর মুখ দেখেনি এ মামলার তদন্ত। এবার আদালতের দেওয়া নতুন সময়সীমায় তদন্ত শেষ হবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।