ঢাকা

আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন এসেছে। ডান হাতের তর্জনিতে চোটের কারণে প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসের পর মুশফিকের না খেলার বিষয়টি নিশ্চিত হয়। সিরিজের প্রথম টেস্টে তাঁকে না পাওয়ায় ব্যাটিং লাইনআপ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে বলের আঘাত পান মুশফিক। নেটে ব্যাটিং করার সময় চোট পেয়ে ব্যথায় বসে পড়েন তিনি। পরে প্রায় আধা ঘণ্টা শুশ্রূষা নেওয়ার পর আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

প্রাথমিক এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল। তবে বুধবার সকাল পর্যন্ত আঙুলের ব্যথা ও অবস্থার প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তাঁকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, মুশফিকের আঙুলে থেঁতলে যাওয়ার মতো চোট লেগেছে। আঘাত পাওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি না হওয়ায় প্রথম টেস্টে তাঁকে খেলানো সম্ভব হয়নি।

ফিজিওর আশা, আগামী তিন দিনের মধ্যে চোটের উন্নতি হতে পারে। সে ক্ষেত্রে সিরিজের পরবর্তী টেস্টে তাঁকে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত উন্নতি হলে ওই ম্যাচে ফিরতে পারেন মুশফিক। তবে তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স