ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং এর বিপরীতে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে কোনো তথ্য ব্যাংক কর্তৃপক্ষের জানা নেই। এমনকি এ ধরনের বিনিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি বলে স্পষ্ট করেছে ব্যাংকটি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া এই তথ্য জানা যায়। মূলত গত ১৭ নভেম্বর বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সরকারি বিনিয়োগ ও মালিকানা হস্তান্তর নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সত্যতা ও অবস্থান জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ ব্যাংকটির কাছে ব্যাখ্যা তলব করেছিল।

বিজ্ঞাপন · inarticle_1

ডিএসইর সেই প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের ইকুইটি বা শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করা হলে, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা সবাইকে জানানো হবে।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, চলমান মূলধন সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে এবং এর ফলে ব্যাংকটির প্রায় ৭৯ শতাংশ মালিকানা রাষ্ট্রের হাতে চলে যেতে পারে