দেশের বাজারে শনিবার রাতে সোনার দামে আরেক দফা পতন দেখা দিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। প্রায় ১৩ মাস পর মূল্যবান এই ধাতুর ভরি ২ লাখ টাকার নিচে নামল; এর আগে সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেটের ভরি ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি রাতে নতুন এই দর নির্ধারণ করে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি ও বিশ্ববাজারে সোনার দরপতনের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ৬ হাজার ১৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৮৯০ টাকা কমে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ১৫ টাকা কমে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকায় নেমেছে। সনাতন পদ্ধতির সোনার ভরি ৪ হাজার ৪৯১ টাকা কমে নির্ধারিত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
টানা দরপতনের ধারাবাহিকতায় গত ৯ দফায় দেশে সোনার দাম ভরিতে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এর মধ্যে শুধু শুক্রবারেই ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। এর আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে সোনা ও রুপার দর কমার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন ধারণায় বাজারে চাপ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বৈশ্বিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে, যার প্রভাব পড়ছে দেশের বাজারেও।



