শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে ১৩(১) ধারা প্রয়োগ করে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ উদ্যোগে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, এই ধারার নিয়ম অনুযায়ী কাজ না করলে শ্রমিকেরা কোনো ধরনের মজুরি বা বেতন পাবেন না।

মূলত সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চলে চলমান তীব্র শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষের এই কঠোর অবস্থান সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং আরও ৯২টি কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। আগামী সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় বৈঠকে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে, তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে পরবর্তী কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে মালিকপক্ষ নিজেদের মধ্যে পুনরায় আলোচনা করবে।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, দেশের সামগ্রিক অর্থনীতি ও শিল্প বাঁচাতে শ্রমিকদের সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট। তাদের মতে, ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে এবং তা বাধাগ্রস্ত হয় এমন কোনো হঠকারী পদক্ষেপে শ্রমিকদের জড়ানো উচিত নয়। উসকানি ও অপতৎপরতা এড়িয়ে সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে শ্রমিকনেতারা আলোচনাকালে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখার ওপর জোর দিয়েছেন।