শনিবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকেই সারাদেশের বাজারে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

এর আগের সমন্বয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। সে সময় ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকায় নির্ধারিত ছিল।

সোনার দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

গয়না কেনাবেচায় ক্রেতাদের স্বার্থে সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে বাজুস। নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।

পুরোনো অলংকার বদলাতে চাইলে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এসব লেনদেনেও বাড়তি ভ্যাট কাটা যাবে না এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দর ও নির্দেশনা বলবৎ থাকবে।