বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন, যা আগে ছিল ১৫ হাজার ডলার। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সরাসরি এই অর্থ ছাড়ের সুযোগ পাবে।
পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে যাচাই করে নিতে হবে। এ ছাড়া বিভিন্ন পেশাগত ও সনদভিত্তিক কোর্স, ডাকযোগ বা দূরশিক্ষণ পদ্ধতির নিয়মিত একাডেমিক পড়ার ফি পাঠাতেও আগাম অনুমতির নিয়মটি শিথিল করা হয়েছে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় সাথে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস ফরম 'এফএমজে'-তে (Form FMJ) ঘোষণা দিয়ে ‘রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট’ (আরএফসিডি) অ্যাকাউন্টে জমা রাখার সুবিধাও উন্মুক্ত করা হয়েছে। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা কিংবা শিক্ষা সংক্রান্ত খাত থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অপরাপর প্রচলিত বিধিবিধান অপরিবর্তিত রাখা হয়েছে।



