বাংলাদেশ ব্যাংকের 'কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)' কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে ২,৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১,৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৮৭ শতাংশই নারী উদ্যোক্তা।

দেশের ৬৪টি জেলায় চারটি প্রধান উপখাতে এই ঋণ বিতরণ করা হচ্ছে—প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নতুন উদ্যোক্তা তৈরি, তরুণ ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা।

বিজ্ঞাপন · inarticle_1

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের জন্য মোট ৫,০০০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল অনুমোদন করেছে। ইতোমধ্যে তিন ধাপে ৩,৭৫০ কোটি টাকা পাওয়া গেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ১,২৫০ কোটি টাকা ছাড় হওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ ঋণ তহবিল ২০২৭ সালের জানুয়ারির মধ্যে মাঠপর্যায়ে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ রাখা, ঋণের মান বজায় রাখা এবং কর্মসংস্থান সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণে প্রতিদিন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিবিড় তদারকি করা হচ্ছে।