সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে তৈরি হওয়া বিভিন্ন অসংগতি ও জটিলতা দূর করতে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘কর্মচারীদের বেতন গ্রেড–ভাতা নির্ধারণ ও পরিবর্ধন–পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ নভেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া কমিটিকে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা দেবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ও জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা।

বিজ্ঞাপন · inarticle_1

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বেতন গ্রেড পুনর্বিন্যাস, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের সুপারিশ করবে এই কমিটি। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

এদিকে সরকারি চাকরিতে বিভিন্ন পদ ও পেশার কর্মীদের বেতন গ্রেড নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলে আসছে। একই ধরনের দায়িত্ব পালন করা সত্ত্বেও বিভিন্ন পদে বেতন গ্রেডের ব্যবধান, পদমর্যাদার সঙ্গে গ্রেডের অসামঞ্জস্য এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা কমে যাওয়ার অভিযোগ তুলেছেন কর্মচারীরা। বিশেষ করে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা এসব অসংগতির কথা জানিয়ে সম্প্রতি অর্থসচিবের কাছে লিখিত আবেদন করেছেন। নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর এসব সমস্যা আরও স্পষ্ট হয়ে ওঠে।

তবে নতুন গঠিত এই কমিটির পক্ষ থেকে সুপারিশ দেওয়ার জন্য কিংবা তা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ফলে বেতনকাঠামোর বর্তমান অসংগতিগুলো দূর হওয়ার আশায় থাকা সরকারি কর্মচারীদের আরও কিছুকাল অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।