সারা দেশের ১ কোটি ১০ লাখ শিশু পাবে পুষ্টিকর দুপুরের খাবার, মান নিশ্চিতে যুক্ত হবেন মায়েরাও: ডা. জুবাইদা রহমান

আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' বা দুপুরের খাবার কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে দেশের ৫০০টি উপজেলার প্রায় ১ কোটি ১০ লাখ কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন স্কুল থেকেই পুষ্টিকর খাবার পাবে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন · inarticle_1

বর্তমান পরিসংখ্যান তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলার প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিয়মিত খাবার পাচ্ছে। চার থেকে দশ বছর বয়সী শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সেই সফলতার ধারাবাহিকতায় ২০২৭ সালের মধ্যে দেশের সবকটি উপজেলায় এই প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।

খাবারের পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে মায়েদের সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলেন, বিদ্যালয়ে রান্নার ক্ষেত্রে স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের পাশাপাশি মায়েদের সরাসরি তদারকি থাকলে খাবারের মান বহুগুণে বৃদ্ধি পাবে। এ ছাড়া শিশুদের দুপুরের খাবারকে আরও সুস্বাদু ও বৈচিত্র্যময় করতে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে রান্নাকে কেবল প্রাত্যহিক কাজ নয়, বরং এক বিশেষ শিল্প ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, রান্না মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম, যেখানে সৃজনশীলতা, অনুরাগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সারা দেশ থেকে জমা পড়া ৩০০টি রেসিপির মধ্য থেকে যাচাই-বাছাই শেষে সেরা পাঁচজন রন্ধনশিল্পীকে পুরস্কৃত করা হয়।