রাজধানীর মিরপুরে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের ৬৪টি জেলা থেকে আগত ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এই বৃহৎ শিক্ষা সম্মেলনে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম এই অংশীজনদের একত্রিত করার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। এই সম্মিলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও তৃণমূল পর্যায়ের কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তা বাস্তবায়নে এই আয়োজন একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, সম্মিলনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন যে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আজকের এই প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে।