রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই শিফটে তিনটি ইউনিটে নেওয়া হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো ‘এ’ ইউনিট বরাবরই ভর্তিচ্ছুদের পছন্দের শীর্ষে থাকে। এই ইউনিটে দেশসেরা আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন, অর্থনীতি ও ইংরেজিসহ স্বনামধন্য অনেক বিভাগ রয়েছে, পাশাপাশি এখানে আসন সংখ্যাও তুলনামূলক বেশি। মানবিকের পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে আবেদন ও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।

ইউনিট পরিচিতি ও আসন:

বিজ্ঞাপন · inarticle_1

‘এ’ ইউনিটের আওতায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত রয়েছে। চলতি শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট ১ হাজার ৮৭০টি আসন বরাদ্দ আছে, যা আগের তুলনায় ২৭টি আসন কম।

আবেদন ও যোগ্যতা:

ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৫ নভেম্বর সকাল ১২টায় এবং চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মানবিক বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পর্যায় মিলিয়ে কমপক্ষে জিপিএ ৬.৫০ থাকতে হবে। সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা।

পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন:

এবারও ১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে পরীক্ষা হবে, যেখানে সময় এক ঘণ্টা এবং প্রশ্ন সংখ্যা ৮০টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (চারটি ভুল উত্তরে ১ নম্বর কর্তন)। ন্যূনতম পাস নম্বর ৪০।

পরীক্ষায় বাংলা ৩৫, ইংরেজি ৩৫ এবং সাধারণ জ্ঞান ৩০ নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পাশাপাশি সংগীত, নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে ১০০ নম্বরে (পাস নম্বর ৪০)। এ ছাড়া ইংরেজি, আইন, আইন ও ভূমি প্রশাসন এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার নিয়মাবলি:

ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ভর্তির জন্য MCQ উত্তীর্ণদের ইংরেজি বিষয়ের ওপর ৫০ নম্বরের (Reading Comprehension ২৫ এবং Essay ২৫) সমন্বিত লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। MCQ-তে ইংরেজি অংশে সর্বোচ্চ নম্বর পাওয়া ১ হাজার ৫০০ জন ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার সুযোগ পাবেন, আর বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী ১ হাজার ৫০০ জন আইন ও আইন ও ভূমি প্রশাসনের লিখিত পরীক্ষায় বসবেন।

ইংরেজি বিভাগের চূড়ান্ত মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি হবে কেবল লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। অন্যদিকে আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে MCQ ও লিখিত পরীক্ষার যৌথ নম্বরের ওপর ভিত্তি করে।

নির্বাচন, কেন্দ্র ও মেধাতালিকা:

আবেদন থেকে পরীক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫৫ শতাংশ মানবিক শাখা এবং ৪৫ শতাংশ অন্যান্য শাখা থেকে নির্ধারণ করা হবে; তবে বিজ্ঞান ও বাণিজ্যে আবেদন কম পড়লে তা মানবিক শাখা থেকে পূরণ করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি দুই শিফটে (প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না।

রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এবং আবেদনের সময় নির্ধারিত কেন্দ্র পরবর্তীতে আর বদলানো যাবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর কোনো নম্বর না থাকায় ১০০ নম্বরের পরীক্ষার সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে, এবং বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ভর্তি পোর্টালে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।