মেডিকেল হাসপাতাল, এআই ও ডেটা সায়েন্স চালুর পাশাপাশি গবেষণা বৃত্তি ও শিল্পখাত সংযোগে বড় উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা নতুন উচ্চতায় নিতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি বিস্তৃত উন্নয়ন প্রকল্পের ডিপিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্‌-ফোরকানের দেওয়া তথ্যমতে, এ মহাপরিকল্পনার অন্যতম প্রধান আকর্ষণ হলো ৫০ শয্যার একটি স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল স্থাপন, মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি গঠন এবং নার্সিং বিভাগ চালুর উদ্যোগ। এর মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় এমবিবিএস চিকিৎসক তৈরির পাশাপাশি স্বাস্থ্যবিজ্ঞান ও চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা মাথায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অটোমোবাইলস বিভাগ চালুর পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে, যা অনুমোদনের জন্য ধাপে ধাপে সিন্ডিকেট সভা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1

গবেষণা ও উদ্ভাবনকে গতিশীল করতে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় আর্থিক প্রণোদনা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনায় এমএসসি থিসিস শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা, এমফিল গবেষকদের ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণা বৃত্তি দেওয়ার কথা রাখা হয়েছে, পাশাপাশি গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষকদেরও সম্মানিত করার ব্যবস্থা থাকছে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত বাস্তব সমস্যা সমাধানে শিক্ষকদের গবেষণায় সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সমন্বয়ে 'ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল' গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে যৌথ গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা ও দ্বৈত ডিগ্রির পথও সুগম করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং পাঠদানের মানোন্নয়নেও একাধিক সময়োপযোগী পদক্ষেপ যুক্ত করা হয়েছে। ভর্তির পর প্রথম ছয় মাস শিক্ষার্থীদের সফট স্কিল ও কর্মমুখী প্রশিক্ষণে মাসিক ৫ হাজার টাকা এবং স্নাতকের শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপে মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ফেলোশিপ দেওয়ার প্রস্তাব ইউজিসিতে পাঠানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা আর্থিক চাপ সামলে দক্ষতা অর্জনে মনোযোগ দিতে পারেন। পাশাপাশি আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে শিক্ষকদের একাডেমিক সম্পৃক্ততা ও পাঠদানের গুণগত মান বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে অগ্রগতির ধারা ধরে রাখা ও তা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে প্রশাসন। কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও বায়োলজিক্যাল সায়েন্সের কয়েকটি শাখায় ইতিবাচক অগ্রগতি থাকলেও বর্তমান অবস্থানে সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ; তাই শিক্ষকদের বিদেশে অংশ নেওয়া সম্মেলন ও কর্মশালার অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক গবেষণা ও র‍্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত করতে আন্তর্জাতিক সেলের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও গবেষণাপত্র উপস্থাপনা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে চবিকে একটি গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষা, প্রযুক্তি ও শিল্পখাতের সমন্বয়ে বড় পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছে প্রশাসন।