২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি যুদ্ধের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাসেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সূচি বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চলমান আবেদনগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১০ নভেম্বর আবেদন শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
চলতি মাসেই নতুন করে শুরু হতে যাওয়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবেদন শুরু হবে আগামী ২১ নভেম্বর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন বছরের ১৬ জানুয়ারি। বুয়েটে আবেদনের ক্ষেত্রে পূর্বের মতোই এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে আলাদাভাবে জিপিএ-৫ থাকার শর্ত বহাল রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ জানুয়ারি। এবার জাবির সব ইউনিটেই জিপিএ শর্ত কমানো হয়েছে। চতুর্থ বিষয়সহ ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৭.৫০ (আলাদাভাবে ৩.৫০) এবং ‘ডি’ ইউনিটে মোট ৮.০০ (আলাদাভাবে ৩.৫০) নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ‘বি’, ‘সি’, ‘ই’ এবং আইবিএ-জেইউ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট ৭.৫০ (আলাদা ৩.৫০) ও মানবিক-বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মোট ৬.৫০ (আলাদা ৩.০০) জিপিএ থাকতে হবে। আর ‘সি১’ ইউনিটে সব বিভাগের জন্যই মোট ৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ জিপিএ চাওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন চলবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, জবির ‘এ’, ‘বি’, ‘ডি’ এবং ‘ই’ ইউনিটে আবেদনের ন্যূনতম জিপিএ কমানো হয়েছে, তবে ‘সি’ ইউনিটের শর্ত অপরিবর্তিত রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট ৭.০০ (আলাদা ৩.০০), ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ (আলাদা ৩.০০), ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট ৬.০০ (আলাদা ২.৭৫) এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট ৫.৫০ (আলাদা ২.৫০) জিপিএ থাকলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এদিকে, কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার কৃষিগুচ্ছেও জিপিএ শর্ত শিথিল করে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ-৮ নির্ধারণ করা হয়েছে। এবারের গুচ্ছ কার্যক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিভাসু, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও নবপ্রতিষ্ঠিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে না।



