মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ২৬ লাখ ছাত্রকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে ৩০টি সুনির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে নির্ধারিত ওয়েইটেজ ও কাট-অফ মার্কস পদ্ধতিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। অন্যদিকে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে কোনো শর্ত ছাড়াই সর্বজনীনভাবে উপবৃত্তি ও টিউশন ফি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শিক্ষার্থীদের অনলাইন তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবে। আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে তথ্য অন্তর্ভুক্তির এই সুযোগ চলমান থাকবে।
সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ বা সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি সম্প্রসারণ করা হচ্ছে। বিশাল এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী এই সুবিধা পেলেও ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ সংশোধনীতে তা বাড়িয়ে ৯৯ লাখ ৩৪ হাজারে উন্নীত করার প্রাক্কলন করা হয়েছে; যেখানে ছাত্রী থাকবেন ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার জন।
নতুন কাঠামো অনুযায়ী, সব ছাত্রী উপবৃত্তির আওতায় এলেও তথ্যভান্ডার ও গবেষণার স্বার্থে তাদের ক্ষেত্রেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে, যদিও দারিদ্র্য যাচাইয়ের কারণে কোনো ছাত্রী বাদ পড়বেন না। তবে ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া বহাল থাকবে। অসচ্ছল পরিবারের ছেলেদের যাচাইয়ের জন্য ‘হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২’ অনুসারে ৩০টি প্রশ্নের মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপবৃত্তি নিশ্চিত করা হবে।
অনলাইন আবেদন ফরমে শিক্ষার্থীর অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, পেশা, পরিবারের বার্ষিক আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘরের ধরন এবং টয়লেটের বিবরণ উল্লেখ করতে হবে। এ ছাড়া বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর হিসাবের পাশাপাশি পরিবার ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো কোনো সরকারি সুবিধা পায় কি না, সেই তথ্যও দিতে হবে। ফরমে পরিবারের কোনো সদস্য বীর মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধা কি না, তা জানার জন্যও বিশেষ ঘর রাখা হয়েছে।
সাধারণ নিয়মের বাইরে বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।



