নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়ায় গভীর অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটাচ্ছেন হাজারো চাকরিপ্রার্থী। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের জোর দাবি জানিয়েছেন তারা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে পরীক্ষার্থীদের প্রতিনিধিরা এই সময়সীমা বেঁধে দেন।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, ২০২৫ সালের ২৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের যে রোডম্যাপ দিয়েছিল, সেই অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা যথাসময়েই শেষ হয়েছে। কিন্তু রোডম্যাপের প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এমনকি কী কারণে এই বিলম্ব ঘটছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি। ঘোষিত সময়সীমা ব্যর্থ হওয়ার সুস্পষ্ট কারণ জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি রক্ষায় পিএসসির জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলেন তারা।

বিজ্ঞাপন · inarticle_1

এ সময় ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফল আটকে রাখার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরেরও সমালোচনা করেন পরীক্ষার্থীরা। তাদের মতে, কেবল ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ করলেই ‘রিপিট ক্যাডার’ জটিলতা পুরোপুরি কাটবে না; কারণ পরবর্তীতে ৪৭তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরাও ৫০তম বিসিএসে থাকতে পারেন। এই সংকট এড়াতে প্রার্থীরা ৪৪তম বিসিএসের উদাহরণ টেনে ‘সম্পূরক ফলাফল’ বা গেজেট প্রকাশের বিকল্প প্রস্তাব দেন। তাদের ভাষ্যমতে, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পরও পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফলের মাধ্যমে রিপিট ক্যাডার সমস্যার স্থায়ী সমাধান করতে পারে।