বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নতুন করে প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। শনিবার ও বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে তাদের এমন বক্তব্যের পর পূর্বে জমা দেওয়া বদলি আবেদনগুলোর ভবিষ্যৎ নিয়ে শিক্ষকদের মাঝে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের একটি অংশের ধারণা, নতুন নীতিমালা তৈরি হলে পুনরায় আবেদন গ্রহণের প্রয়োজন হতে পারে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই আশঙ্কা নাকচ করে দিয়েছে। মাউশির দাবি, নীতিমালায় পরিবর্তন এলেও আগের আবেদনগুলো বাতিল করার কোনো সুযোগ নেই এবং নতুন করে আবেদন নেওয়ারও প্রয়োজন পড়বে না।
মাউশির এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আবেদনকারী শিক্ষকদের প্রয়োজনীয় সব তথ্যই ইতিমধ্যে সফটওয়্যারে সংরক্ষিত রয়েছে। নতুন নীতিমালায় যে বিষয়গুলো যুক্ত হবে, সেগুলো কেবল সফটওয়্যারে হালনাগাদ (আপডেট) করলেই বিদ্যমান আবেদনগুলোর ভিত্তিতেই বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে আজ শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ সিনিয়র সচিব আবদুল খালেক জানান, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে গত ৯ মাস ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ চলছে। শিক্ষকরা যেন এ নিয়ে আন্দোলনে না নামেন, সেই আহ্বানও জানান তিনি। একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এনটিআরসিএ-র শিক্ষকদের বদলির বিষয়টি আগে কখনো সেভাবে ভাবা না হলেও বর্তমান সরকারই তা বাস্তবায়নে কাজ করছে এবং দ্রুতই এর সমাধান করবে।



