বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নির্বিঘ্ন করতে এনসিটিবির জরুরি নির্দেশনা

২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে সময়মতো বিনামূল্যের সরকারি পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ জরুরি নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দেশের সব ছাপাখানা ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের তাৎক্ষণিকভাবে তা কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

এনসিটিবির ওই চিঠিতে জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিনামূল্যের পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের বিশাল কর্মযজ্ঞ বর্তমানে পুরোদমে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক জাতীয় দায়িত্ব।

মূল পাঠ্যবই ছাপার কাজে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং ছাপাখানাগুলোর সক্ষমতা পুরোপুরি সরকারি বই উৎপাদনে ব্যবহৃত হয়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনসিটিবি আশা করছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত সহায়ক বইয়ের কাজ বন্ধ থাকলে বিনামূল্যের পাঠ্যবইয়ের মুদ্রণ ও সরবরাহ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।