২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি নির্দেশিকায় ১৪২টি আসন বৃদ্ধির পাশাপাশি আবেদন ফি ৩০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে; তবে পূর্বঘোষণা অনুযায়ী তিনটি ইউনিটে পৃথক জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এবারের নির্দেশিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। একদিকে যেমন সব কটি ইউনিটে আসনসংখ্যা বাড়িয়ে শিক্ষার্থীদের সুযোগ প্রসারিত করা হয়েছে, অন্যদিকে তেমনি আবেদন ফি বৃদ্ধির ফলে ভর্তিচ্ছুদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রেও কর্তৃপক্ষ তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে নতুন শর্ত যুক্ত করেছে।
নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটেই আবেদন ফি বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আবেদন ফি বৃদ্ধির এই সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো, বিশ্ববিদ্যালয়টিতে মোট আসনসংখ্যা ১৪২টি বাড়ানো হয়েছে। ফলে আগের শিক্ষাবর্ষের ২ হাজার ৮১৫টি আসনের পরিবর্তে এবার মোট ২ হাজার ৯৫৭টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন বিন্যাস অনুযায়ী ‘এ’ ইউনিটে ৮৮৮টি, ‘বি’ ইউনিটে ৮২৫টি, ‘সি’ ইউনিটে ৫৪৬টি, ‘ডি’ ইউনিটে ৬৩৫টি এবং ‘ই’ ইউনিটে ৬৩টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
ভর্তির যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোট জিপিএর শর্ত কমানোর পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখলেও পৃথক জিপিএর ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আগের সিদ্ধান্ত অনুযায়ী শর্ত শিথিল রাখা হয়েছে। তবে কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং এসএসসি ও এইচএসসিতে পৃথক জিপিএ ২.৭৫ নির্ধারণের কথা থাকলেও চূড়ান্ত বিজ্ঞপ্তিতে পৃথক জিপিএ ৩.০০ বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫.৫০ অপরিবর্তিত রাখা হলেও পৃথক জিপিএ ২.৫০-এর পরিবর্তে বাড়িয়ে ২.৭৫ নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত চূড়ান্ত নির্দেশিকা অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৭.০০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ‘সি’ ইউনিটের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৬.০০-এর পাশাপাশি প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অর্জন করতে হবে। কেবল ‘ই’ ইউনিটের প্রার্থীরা মোট জিপিএ ৫.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।



