সবচেয়ে এগিয়ে এবতেদায়ি স্তর, অপেক্ষায় বাকি ধাপের সরবরাহ ও বিতরণের নির্দেশনা

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দ্বীপজেলা ভোলায় চাহিদার প্রায় ৭২ শতাংশ নতুন পাঠ্যবই এসে পৌঁছেছে। জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ভোলায় মোট ৩ লাখ ৬৫ হাজার ৮৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৪০৫টি বই। এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ইতিমধ্যে ২৭ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই জেলায় এসেছে, যার সার্বিক প্রাপ্তির হার ৭১ দশমিক ৮২ শতাংশ। আগত এসব বই নিরাপদে বিভিন্ন গুদামে সংরক্ষণ করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের আনুষ্ঠানিক নির্দেশনা এখনো এসে পৌঁছায়নি।

বিজ্ঞাপন · inarticle_1

বিভিন্ন স্তরের পরিসংখ্যানে দেখা গেছে, বই প্রাপ্তির ক্ষেত্রে এবতেদায়ি স্তর সবচেয়ে এগিয়ে রয়েছে। এই স্তরের ১ লাখ ৫৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর জন্য ১১ লাখ ২৯ হাজার ৯০০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ১০ লাখ ৫২ হাজার ৩৫০টি বই, যা প্রায় ৯৩ দশমিক ১৪ শতাংশ। পাশাপাশি মাধ্যমিক স্তরে ১ লাখ ২৬ হাজার ২৯০ জন শিক্ষার্থীর ১৫ লাখ ৪১ হাজার ১৭০টি বইয়ের চাহিদার বিপরীতে ১০ লাখ ২০ হাজার ৮৯০টি এবং দাখিল স্তরে ৮০ হাজার ৫০০ শিক্ষার্থীর ১১ লাখ ২৯ হাজার ৫২০টি বইয়ের চাহিদার বিপরীতে ৭ লাখ ২ হাজার ৪০০টি বই পৌঁছেছে।

অন্যদিকে কারিগরি বা ট্রেড, ইংরেজি ভার্সন এবং ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের বইয়ের সরবরাহ এখনো তুলনামূলক কম। কারিগরি স্তরে ৩ হাজার ৪৪ শিক্ষার্থীর ৩৬ হাজার ৩৪০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে মাত্র ৩ হাজার ৫৮০টি বই (৯ দশমিক ৮৫ শতাংশ) এবং ইংরেজি ভার্সনে ১০৫ জন শিক্ষার্থীর ১ হাজার ২৩৫টি চাহিদার বিপরীতে ৩৩০টি বই (২৬ দশমিক ৭২ শতাংশ) হাতে এসেছে। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বইয়ের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সাধারণত নভেম্বর মাসে নতুন বইয়ের সরবরাহ সীমিত থাকলেও এবার আগাম প্রস্তুতিতে শিক্ষাবর্ষ শুরুর আগেই বড় অংশের বই জেলায় পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ভোলা জেলা শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ ছালাউদ্দিন জানান, নির্ধারিত সময়ের আগেই বইগুলো হাতে পাওয়ায় ভালো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তা বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বাকি স্তরের বই ও বিতরণের অনুমোদন মিললে নতুন বছরের শুরু থেকেই শিক্ষার্থীরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসে বসতে পারবেন বলে আশাবাদী সবাই।