২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৫ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র সংরক্ষণ, কেন্দ্রের নিরাপত্তা, কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ এবং উত্তরপত্র প্রেরণসহ পরীক্ষার সার্বিক বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৫ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
নিয়মিত আলিম-২০২৬ পরীক্ষার নীতিমালা মেনেই সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনা করতে হবে। কেন্দ্রের মাদ্রাসা প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত ছক পূরণ করে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) প্রতিস্বাক্ষরসহ আগামী ২৯ নভেম্বরের মধ্যে তা বোর্ডে পাঠাতে হবে।
ট্রেজারি বা থানা লকারে থাকা প্রশ্নপত্রের প্যাকেট ও বিবরণী দ্রুত যাচাই করতে হবে। যাচাইয়ের সময় ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক। তারিখ ও সময় অনুযায়ী প্রশ্নপত্রের সেট আলাদা নিরাপত্তা খামে রেখে খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয়, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে লিখতে হবে।
ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ‘তিতাস’ ও ‘কর্ণফুলী’ নামে দুটি সেট থাকবে; বাকি বিষয়গুলোতে শুধু ‘তিতাস’ সেট থাকবে। পরীক্ষার দিন বোর্ড থেকে এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট সেট খুলতে হবে এবং অব্যবহৃত সেটের খাম অক্ষত রাখতে হবে। সেট কোড না মানলে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন; অন্য কারও মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নেওয়া যাবে না। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহনে পুলিশি পাহারা নিশ্চিত করতে হবে।
প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ প্রত্যবেক্ষক রাখতে হবে, তবে প্রতিটি কক্ষে অন্তত দুজন দায়িত্ব পালন করবেন। ছাত্রীদের কক্ষে একজন নারী শিক্ষক থাকা বাধ্যতামূলক। আসন সংকট দেখা দিলে কাছের শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।
আসন বিন্যাসে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং প্রতি বেঞ্চে সর্বোচ্চ দুজন বসতে পারবেন। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। দেরি করে এলে কারণ লিখে বিশেষ বিবেচনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবেশের অনুমতি দিতে পারবেন। কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে হ্যান্ড মাইক ও সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বোর্ডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে দ্রুত মাদ্রাসা প্রধানদের কাছে পৌঁছে দিতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে ঠিক করে নিতে হবে এবং ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের দেওয়া যাবে না।
হাজিরা শিটে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে এবং অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট তারিখ ও বিষয়ের পাশে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখতে হবে। বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নিতে হবে এবং নিয়মিত ও অনিয়মিত উত্তরপত্র আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে প্যাকেটে শ্রেণি উল্লেখ করে জি, ই, পি ডাকযোগে বোর্ডে পাঠাতে হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয় পরিবহনেই পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।



