আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জারি করা বিজ্ঞপ্তিতে আগামী ১৪ ডিসেম্বর দিবসের তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে উপস্থিত থেকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মাদ্রাসাগুলোর জন্য পাঁচটি সুনির্দিষ্ট কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। প্রথমত, বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে। দ্বিতীয়ত, সকাল ৯টায় স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রীতি ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি বা হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। সর্বশেষে, ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, বীর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।