পাঠদান রেখে কোচিং সেন্টারে সময় দেওয়া কিংবা আন্দোলন-মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে মন্ত্রী স্পষ্ট জানান, বেতনভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই দায়িত্ব অবহেলা করে কোনো শিক্ষক কোচিং সেন্টারে পড়াতে বা সভা-মিছিলে যেতে পারবেন না। যারা ক্লাস ফাঁকি দিয়ে এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের সবার তালিকা তৈরি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্যও তিনি শিক্ষকদের সতর্ক করেন।

বিজ্ঞাপন · inarticle_1

এমপিওভুক্ত শিক্ষকদের চলমান বদলি ও জাতীয়করণ আন্দোলনের প্রসঙ্গ টেনে ড. মিলন বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে তার উদ্যোগেই এনটিআরসিএ গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ের ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে এক প্রান্তের শিক্ষক অন্য প্রান্তে পোস্টিং পেয়েছেন। বর্তমানে কোনো দাবি ছাড়াই তিনি নিজ উদ্যোগে এই বদলি জটিলতা নিরসনে কাজ করছেন। পাশাপাশি নন-এমপিও শিক্ষকদের আশ্বস্ত করে তিনি বলেন, যোগ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে রয়েছে এবং মিছিল-স্লোগান ছাড়াই তাদের এমপিওভুক্তি নিশ্চিত করা হবে।

শিক্ষা খাতের অবকাঠামো ও শিক্ষার্থী সহায়তা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া মেয়েদের উপবৃত্তি উচ্চমাধ্যমিক পর্যন্ত চালু করেছিলেন এবং তারেক রহমান তা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিস্তৃত করেছেন। এছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ভবন নেই, তাদের তালিকা করা হচ্ছে। তবে কেবল শিক্ষার্থী সংখ্যা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নতুন ভবন বরাদ্দ দেওয়া হবে; ফলাফল খারাপ বা শিক্ষার্থী সংকট থাকলে কোনো প্রতিষ্ঠান আপাতত এই সুবিধা পাবে না।