বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য সামনে রেখে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন দেশজুড়ে একযোগে বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। সে অনুযায়ী শিক্ষাবর্ষ শুরুর আগেই ছাপা, বাঁধাই এবং মাঠ পর্যায়ে সরবরাহের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বইয়ের বর্তমান অগ্রগতি, মান নিয়ন্ত্রণ এবং বিতরণের সময়সূচি নিয়ে তিনি নানা তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন · inarticle_1

এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষের পথে। পাশাপাশি প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন শেষ হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ প্রাক-সরবরাহ পরিদর্শন এবং ৯২ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

বই বিতরণের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, আগে ১ জানুয়ারি বই উৎসবকে ঘিরে বড় অঙ্কের অর্থ ব্যয় হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় খরচ কমানোর নীতি গ্রহণ করায় এবার সেই ধারা থেকে সরে এসে কেবল বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি ভাবা হচ্ছে। একই সঙ্গে ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই দেওয়ার নির্দেশনা জারির প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ২৪ ডিসেম্বর স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে, তাই ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন বই বিতরণের পরিকল্পনা রয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, তবে এনসিটিবি এখনই বই দিতে প্রস্তুত।

সরবরাহের সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। পাশাপাশি নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার কাজ চলছে।

আগের বছরগুলোর রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের রীতি পরিবর্তনের কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, আগে অনেক সময় ছাপা বা বাঁধাই শেষ না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো এবং বাকি বই মার্চ বা এপ্রিল মাসে যেত। এবার শতভাগ প্রস্তুতি ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ শুরু করা হবে।

বইয়ের মান নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখে আলো পড়ার মাত্রা এবং সহজে না ছেঁড়ার বিষয়টি যাচাই করে বই তৈরি করা হচ্ছে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের মান অনেক উন্নত হবে এবং নির্ধারিত সময়ে শতভাগ বই সরবরাহ এনসিটিবির জন্য একটি বড় মাইলফলক হবে।

দ্রুত বই পরিমার্জন, ছাপা ও সরবরাহের অগ্রগতিতে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন তিনি। নতুন সংযোজন প্রসঙ্গে জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে, যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ছেড়ে খেলার মাঠে ফিরে আসে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়।

এ ছাড়া কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে চালু করার কথা জানিয়ে তিনি বলেন, ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই এ নিয়ে নীতিনির্ধারণী আলোচনা শুরু হবে।